কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
‘সেবার ব্রতে চাকরি’—এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test – PET) সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে শারীরিক সক্ষমতা পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়ের পাশাপাশি ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট নেওয়া হয়।
পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সরেজমিনে উপস্থিত থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া তদারকি করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ট্রাফিক ম্যানেজমেন্ট) খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া নুসরাত।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল হক এবং গোপালগঞ্জ পুলিশ হাসপাতাল ও মেডিকেল অফিসার ডাঃ সঞ্চিতা কিত্তর্ণীয়া।
এ ছাড়াও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এবং সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকতা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
লিখিত পরীক্ষার সময়সূচি: শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার (PET) সব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় গোপালগঞ্জ সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুলিশে যুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।










