সারাদেশ

কালিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত, ৪ কেজি গাঁজাসহ নারী আটক

Desh Times 24
Desh Times 24  সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম ওরফে মনি নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে মনির বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জাহাঙ্গীর আলম ওরফে মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধসংক্রান্ত তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তির বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।