আক্তারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সরকারের আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান ব্যাংক ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ কর্মসংস্থান ব্যাংক পাটকেলঘাটা শাখা, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন গ্রাহকের মাঝে মোট ১৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহরিয়ার তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, স্বাবলম্বিতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।










