খুলনার ডুমুরিয়ায় ৪০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে জানিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর ‘২৬) বিকাল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (গোয়েন্দা) এসকে ইফতিখার মোহাম্মদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপ-পরিদর্শক হাফিজুর রহমান, উপ সহকারী পরিদর্শক শেখ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তিনি অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে বাইতুল শেখ (৪২) বাড়ি থেকে তার স্ত্রী ফারজানা আক্তার পলি (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় পলির তথ্য মতে বসত ঘরের মধ্য থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাইতুল শেখ বাড়ি না থাকায় তাকে গেস্খফতার করা যায়নি বলে জানায় আভিযানিক দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপ-পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে এব্যাপারে ডুমুরিয়া থানায় মামলার হয়েছে বলে জানা গেছে। উপ-পরিচালক (গোয়েন্দা) এসকে ইফতিখার মোহাম্মদ তথ্যটি নিশ্চিত করেছেন।