আশাশুনি

আশাশুনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন

দেশ টাইমস-
দেশ টাইমস- আশাশুনি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনপদের সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার করতে সাতক্ষীরার আশাশুনিতে ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি, পরিবেশগত সংকট, স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আগামী ছয় মাসের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং অভিযোজনমূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় LEDARS-এর CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মনিরুজ্জামান মনির ও ফিল্ড অফিসার মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সব সদস্য সভায় অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ওপর নানামুখী সংকট তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবিলায় শুধু প্রাতিষ্ঠানিক উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি চিহ্নিত করে বাস্তবসম্মত অভিযোজন কার্যক্রম গ্রহণ করতে হবে। একই সঙ্গে উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের দায়িত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।