অপরাধ ও দুর্নীতি

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

অপরাধ ও দুর্নীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকাল থেকেই এই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন করলে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই অস্থিরতায় ওই এলাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সকাল ৭টার দিকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা উৎপাদনকাজে অংশ না নিয়ে ভেতরে অবস্থান নেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, শ্রমিকেরা কর্মবিরতি পালন করলে মালিকপক্ষ তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এছাড়া আশুলিয়ার কাঠগড়া এলাকায় ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া না গেলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে কয়েক ঘণ্টা অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চিন্তা করেছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা কারখানার প্রবেশপথ ও প্রধান সড়কগুলোতে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স, আল-মুসলিম, অ্যালায়েন্স, রাতুল, অরুণিমা, রেডিয়্যান্স, সাউদার্ন ও এবিসি লেদার অন্যতম।

পরিসংখ্যান অনুযায়ী, অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটির পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারায় আরও ১১টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও আলাদাভাবে নোটিশ দিয়ে আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকালের দিকে অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে বাড়ির দিকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। শিল্প পুলিশের দাবি অনুযায়ী, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করলেও পরবর্তীতে দাবি আদায়ের লক্ষ্যে তারা কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকেন, যা পরবর্তীতে কারখানা ছুটির কারণ হয়ে দাঁড়ায়।