শিক্ষাঙ্গন

লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার: ইউআইইউ’তে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি

শিক্ষাঙ্গন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সিঙ্গাপুরের জাতি গঠন, অর্থনৈতিক উন্নয়ন ও সাফল্যের পেছনের কৌশলগুলো নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সম্প্রতি ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে ‘সিঙ্গাপুর: এ নেশন বিল্ডিং স্টোরি’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গত ১৭ নভেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বইটির লেখক ও ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিবুল মোস্তফা সিঙ্গাপুরের জাতি গঠন ও উন্নয়নের ধারাবাহিক চিত্র বইটিতে তুলে ধরেছেন। এতে দেশটির রূপান্তর এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়ক বিভিন্ন নীতি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও কৌশলগত উদ্যোগ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। লেখক জানান, মায়ের চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে ভ্রমণের সময় অর্জিত অভিজ্ঞতাই তাকে এই বইটি লিখতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, সেখানে অবস্থানকালে দেশটির মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, স্বনির্ভরতা এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তাকে বিশেষভাবে মুগ্ধ করেছিল, যার বিশেষ দিক হলো সরকারের প্রতি নাগরিকদের অটল আস্থা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হেড অব মিশন মি. ফিলিপ ওং। তিনি প্যানেল আলোচনায় অংশ নিয়ে জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী প্রতিষ্ঠানের উপস্থিতি, আইনের কঠোর শাসন, জাতীয় ঐক্য ও দুর্নীতিমুক্ত প্রশাসনই সিঙ্গাপুরের উন্নয়নের আসল চাবিকাঠি। এছাড়া শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি ও বিনিয়োগের প্রতি গুরুত্বারোপ এবং সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাকে তিনি দেশটির অগ্রগতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

প্রকাশক প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বইটি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এটি কেবল কোনো সাধারণ গল্প নয়; বরং একটি জাতির মেধা, সংবেদনশীলতা ও দৃঢ়তার অনন্য আখ্যান। তিনি ভবিষ্যতে এ ধরনের মানসম্মত বই পাঠকদের উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাবেক রাষ্ট্রদূত ও প্যানেল আলোচক মো. মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশটি কারিগরি ও সাধারণ শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও মেধাভিত্তিক ব্যবস্থা অনুসরণের মাধ্যমে উন্নয়নের শিখরে পৌঁছেছে।

সেমিনারের সঞ্চালক ও এসওবিইর উপদেষ্টা অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, নিজস্ব সামর্থ্য বৃদ্ধিতে সিঙ্গাপুরের দৃঢ় সংকল্প আমাদের জন্য অনুসরণীয়। দুই দেশের শিক্ষাব্যবস্থা ও অভিজ্ঞতার আদান-প্রদান উভয় দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাবেক রাষ্ট্রদূত ডা. মো. জুলফিকার রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।