নিরাপদ ও পরিবেশবান্ধব শক্তি সঞ্চয় ব্যবস্থা তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তারা পানিভিত্তিক বা অ্যাকুয়াস ব্যাটারির শক্তি ধারণক্ষমতা বৃদ্ধির জন্য একটি নতুন ও কার্যকর ইলেক্ট্রোলাইট বা রাসায়নিক মাধ্যম আবিষ্কার করেছেন। ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির টেকসই ও নিরাপদ বিকল্প হিসেবে এই প্রযুক্তি নবায়নযোগ্য শক্তি সংরক্ষণের ক্ষেত্রে নতুন এক সম্ভাবনা তৈরি করেছে। গবেষণাটির ফলাফল বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।
বর্তমান সময়ে সৌর ও বায়ুবিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অগ্নিঝুঁকি রয়েছে। এছাড়া কোবাল্টের মতো দুষ্প্রাপ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর খনিজ আহরণের সংকটও বিদ্যমান। অন্যদিকে পানিভিত্তিক ব্যাটারি নিরাপদ হলেও এর কম শক্তি ঘনত্বের কারণে বড় পরিসরে ব্যবহার করা কঠিন ছিল। ইউসিএলের গবেষকেরা এই সীমাবদ্ধতা দূর করতে আয়োডিনের কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। সাধারণত আয়োডিন চার্জিং ও ডিসচার্জিংয়ের সময় দুটি ইলেকট্রন স্থানান্তর করে, কিন্তু নতুন এই প্রযুক্তিতে আণবিক নকশা পরিবর্তনের মাধ্যমে তা চারটিতে উন্নীত করা হয়েছে।
আগে পানিভিত্তিক ব্যবস্থায় আয়োডিনের অতিসক্রিয় রূপ নিয়ন্ত্রণের জন্য ব্যয়বহুল ও ক্ষতিকর হ্যালোজেনযুক্ত ইলেক্ট্রোলাইটের প্রয়োজন হতো। তবে এবারের গবেষণায় গবেষকেরা কোনো ধরনের ক্ষতিকর উপাদান ছাড়াই আণবিক গঠনের সুনির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছেন। ল্যাবরেটরিতে পরীক্ষার সময় জিংক-আয়োডিন ব্যাটারিতে এই প্রযুক্তি প্রয়োগ করে দেখা গেছে, হাজার হাজার বার চার্জ ও ডিসচার্জ করার পরও ব্যাটারির শক্তি ধারণক্ষমতা কার্যকরভাবে অক্ষুণ্ণ থাকে।
গবেষকদের দাবি, এই প্রযুক্তি স্মার্টফোন বা ল্যাপটপের পাউচ সেল থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসের কয়েন সেলে সমানভাবে কার্যকরী। অদূর ভবিষ্যতে এটি অ্যালুমিনিয়াম-আয়োডিন ব্যাটারিতেও ব্যবহারের সুযোগ রয়েছে। ইউসিএলের রসায়ন বিভাগের অধ্যাপক ও গবেষণার মূল লেখক গুয়ানজি হে জানান, পানিভিত্তিক ব্যাটারিকে বাণিজ্যিকভাবে সফল করার পথে এই আবিষ্কার মাইলফলক হিসেবে কাজ করবে। মৌলিক রসায়ন ও প্রকৌশলবিদ্যার সমন্বয়ে শক্তি সঞ্চয়ের দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা এখন সময়ের দাবি।










