দূর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দিল বিআরটিএ যশোর সার্কেল

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় যশোর সার্কেলের ২৮ জন উপকারভোগীর মাঝে মোট ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে বিআরটিএ যশোর সার্কেল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।
বিতরণকৃত চেকের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ৯ জনকে মোট ১৫ লাখ টাকা প্রদান করা হয়। মোট ৩১ জনের জন্য চেক বরাদ্দ থাকলেও উপস্থিত ২৮ জনের মাঝে চেক বিতরণ করা হয়। অনুপস্থিত ছিলেন ৩ জন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির হোসেন, সিনিয়র ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর তারিক হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “নিহতদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং আর্থিক সংকট কিছুটা লাঘব করতেই বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই মানবিক উদ্যোগ।”
চেক গ্রহণকারী উপকারভোগীরা এ সহায়তার জন্য বিআরটিএ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বিশেষ করে স্বল্পতম সময়ে চেক পাওয়ায় সন্তোষ ও ধন্যবাদ জানান।
বিআরটিএর এ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক ও জনকল্যাণমূলক প্রয়াস।