ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার কর্মীরা। সড়কে কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে স্থবির হয়ে পড়ে যান চলাচল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তাসহ আশপাশের বিভিন্ন এলাকার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশাপাশি জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধের চেষ্টা করেন। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে সরে যাওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বর্তমানে জয়দেবপুর ও নাওজোর এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া সম্ভব হলেও ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ অব্যাহত রয়েছে।










