অপরাধ

খোলপেটুয়া থেকে বালু লুটের মহোৎসব, অভিযানে জব্দ ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী হাবিব, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অবশেষে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট (কার্গো) এবং প্রায় দুই লক্ষ ঘনফুটের সাতটি বালুর গাদা জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু কেনাবেচার সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগের কেন্দ্রে থাকা শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহ ও আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিনকে অভিযানে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, দীর্ঘ প্রায় সাত মাস ধরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার ও বালুবাহী কার্গো ব্যবহার করে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, এ চক্রের নেতৃত্বে রয়েছেন জি এম হাবিবুল্লাহ ও গাজী আল আমিন। তাঁদের বিরুদ্ধে প্রতি বর্গফুট বালু উত্তোলনের জন্য ৩ থেকে ৭ টাকা চুক্তিতে বিভিন্ন ড্রেজার ও কার্গো পরিচালনার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান চলাকালে খোলপেটুয়া নদীর তীরবর্তী এলাকায় আবু মুছা, কামরুজ্জামান কোম্পানিসহ সাতটি প্রতিষ্ঠানের বালুর গাদা ও ড্রেজার স্থাপন করা চারটি বোট জব্দ করা হয়। এসব বালুর গাদার সঙ্গে আটুলিয়া এলাকার ছাত্রদল নেতা বেলাল হোসেনসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে জব্দ করা বালুর প্রকৃত মালিকানা ও উত্তোলনের সঙ্গে কারা সরাসরি জড়িত, তা প্রশাসনের তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন।

অভিযানে আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা বালু ও বোট স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে বালুর মূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।

স্থানীয়দের অভিযোগ, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিরাতে ১০ থেকে ১২টি কার্গো, বাল্কহেড ও ড্রেজার ব্যবহার করে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হয়। পরে সেখান থেকে স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। প্রতি রাতে উত্তোলিত বালুর পরিমাণ লক্ষাধিক ঘনফুট এবং এর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, আটুলিয়া এলাকার বেলাল, মুজিবর, সাম্পান, সোহেল ও জামানসহ বিভিন্ন ব্যক্তির বালুর গাদায় এসব বালু মজুত করা হয়। আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানির নামও এ অবৈধ বালু ব্যবসার সঙ্গে আলোচনায় এসেছে।

স্থানীয়দের ভাষ্য, কোনো বৈধ বালুমহালের অনুমোদন বা ইজারা ছাড়াই নদীর বুক ও তলদেশ খুঁড়ে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অথচ নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী জনপদ এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এলাকায় আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বালু উত্তোলন ও বিপণনের সঙ্গে জড়িত কয়েকজনের রাজনৈতিক পরিচয়। স্থানীয় সূত্রের দাবি, উপজেলার জি এম হাবিবুল্লাহ এবং আটুলিয়া ইউনিয়ন গাজী আল আমিনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র এ কর্মকাণ্ড পরিচালনা করছে। এ ছাড়া কয়েকজন ছাত্রদল নেতার নামও বালুর গাদা ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উঠে এসেছে।

তবে রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ অপরাধে জড়িত- এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রত্যেকের ব্যক্তিগত সম্পৃক্ততা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে নদীতে ড্রেজার চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কেন কার্যকর হয়নি? কারা এসব বালু উত্তোলনের অনুমতি বা সুযোগ দিচ্ছে? উত্তোলিত বালু পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো প্রভাবশালী মহলের সহযোগিতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের তৎপরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর খোলপেটুয়া নদীতে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। পরে বৃহস্পতিবারের অভিযানে চারটি বোট ও সাতটি বালুর গাদা জব্দ করা হয়।

তবে একটি অভিযানেই দীর্ঘদিনের এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের। তাঁদের দাবি, শুধু বালুর গাদা ও বোট জব্দ করলেই হবে না; এর পেছনের অর্থের জোগানদাতা, প্রকৃত মালিক, ড্রেজার পরিচালনাকারী এবং বালু বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, অভিযানে জব্দ করা বালুর গাদা ও ইঞ্জিনচালিত বোট স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে বালুর মূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে যাঁদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে পৃথক তদন্ত বা পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এখন স্থানীয়দের প্রশ্ন- খোলপেটুয়া নদীতে সাত মাস ধরে চলা বালু উত্তোলনের এই কারবারের পেছনে কারা, এর আর্থিক সুবিধাভোগী কারা এবং প্রশাসনের অভিযান কি অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারবে, নাকি অভিযান শেষে আবারও রাতের আঁধারে শুরু হবে বালু লুট?