আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭ সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে এলাকার মানুষের সুখ-দুঃখ, স্থানীয় সমস্যা এবং উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা শোনেন তিনি।
গণসংযোগকালে সামির সোয়েব রাদমি বলেন, তাঁর দাদু আলহাজ্ব মো. আব্দুর রউফের অনুপ্রেরণা ও আদর্শ ধারণ করে তিনি গণমানুষের সেবায় কাজ করতে চান। আব্দুর রউফ আলিপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবেও তাঁর রাজনৈতিক পরিচিতির কথা উল্লেখ করেন তিনি।
নিজের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে সামির সোয়েব রাদমি বলেন, তাঁর বাবা মো. আবু সেলিম ২০১১ সালে গুমের শিকার হন। তাঁর বাবা জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মানুষের পাশে থাকতে চান।
তিনি বলেন, নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। আলিপুর ইউনিয়ন পরিষদকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে তাঁর অগ্রাধিকার।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সম্ভাব্য এ চেয়ারম্যান প্রার্থী বলেন, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবেন। বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকর করার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।
এ ছাড়া ইউনিয়নের সার্বিক নিরাপত্তা জোরদার, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সামাজিক সুরক্ষার বিষয়ে তিনি বলেন, বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হবে। যাতে সরকারি সহায়তা কোনো ধরনের অনিয়ম ও বৈষম্য ছাড়াই প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
সামির সোয়েব রাদমি আরও বলেন, ঐতিহ্যবাহী আলিপুর ইউনিয়নকে একটি উন্নত, শিক্ষিত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি তাঁর দাদু আলহাজ্ব মো. আব্দুর রউফের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করাও তাঁর অন্যতম লক্ষ্য।
এ সময় তিনি আলিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উন্নয়ন, সততা ও ভালোবাসার মাধ্যমে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।










