শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে, যাকে দ্রুত স্পিডবোটযোগে চিকিৎসার জন্য চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ‘কাকলি’ নামের একটি ফেরি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের দিকে আসছিল। ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দিলে যাত্রীরা ভারসাম্যহীন হয়ে পড়েন। এসময় ফেরিতে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
ঘটনার পর বাল্কহেড নিয়ে এর চালক পালিয়ে গেছে। বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিতে থাকা অনেক যাত্রীই ধাক্কার কারণে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।
ইকবাল হোসেন আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।










