রাজনীতি

বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম

দেশ টাইমস-
দেশ টাইমস- রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

এস এম শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য চারজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত, জামায়াতে ইসলামী সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। তবে স্থানীয় ভোটারদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনা সদস্য দিদারুল আলম দিদার বেশ আলোচিত ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম শিবনগর, মুচড়া, এগারানি, শ্যামপুর, কাঠালতলা, বল্লী, রায়পুর, ভাটরা, ঘরচালা, শিয়ালডাঙ্গা, আমতলা ও ভাটপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের বিষয়ে শিবনগর গ্রামের ভ্যানচালক আব্দুল আলিম জানান, ইউনিয়নে চারজন প্রার্থীর নাম শোনা গেলেও স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলমের পক্ষে সাধারণ মানুষের জোয়ার সৃষ্টি হয়েছে। এলাকার বিগত দিনের জনপ্রতিনিধিরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, জনগণ এবার নতুন মুখ দেখতে চায়। দিদারুল আলম একজন শিল্পপতি হওয়ায় এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মুচড়া গ্রামের প্রবীণ বাসিন্দা মহাশিন আলী বলেন, জেনেশুনে কোনো অযোগ্য বা মন্দ মানুষকে ভোট দিলে তার দায় এড়ানো যায় না; তাই এলাকাবাসী একজন ভালো ও সৎ মানুষকে বেছে নিতে চায়। একই গ্রামের কমলা খাতুন জানান, যার জনপ্রিয়তা ও জনকল্যাণমূলক কাজ বেশি, তাকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা।

বল্লী গ্রামের সাতজান বিবি ও তরুণ ভোটার আসিফ জানান, দিদারুল আলম দীর্ঘদিন ধরে এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ঈদের সময় দুস্থদের মাঝে সেমাই, চিনি ও নতুন কাপড় বিতরণের পাশাপাশি তিনি পূজার সময় ইউনিয়নের প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা ও মিষ্টি প্রদান করেছেন। তাছাড়া বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের পাশে জমি কিনে মসজিদ নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবদান রয়েছে। স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বিপদে পড়ে কেউ তার কাছে গেলে তিনি সাধ্যমতো সহযোগিতা করেন।

প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম জানান, বল্লী ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি।