রাজনীতি

পার্শ্ববর্তী দেশের মদদে দেশে অস্থিরতা চলছে: শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, পার্শ্ববর্তী একটি দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মাতারবাড়ী প্রকল্প নিয়ে চলমান অস্পষ্টতা ও ধোঁয়াশা দূর করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এই প্রকল্পের প্রকৃত পরিস্থিতি নিয়ে জাতির মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডর দেওয়ার মতো ষড়যন্ত্রের গুঞ্জন রয়েছে বলেও তিনি সতর্ক করেন। শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সক্রিয় থাকবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। এই দুর্বলতার সুযোগ নিয়ে সারাদেশে অরাজকতা সৃষ্টির পাশাপাশি গুপ্ত হামলার ঘটনা বাড়ছে। তিনি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়াও বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটির কার্যকারিতা ও জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যার বিচার প্রক্রিয়ায় সরকারের গাফিলতি। বিরোধীদলীয় সদস্যরা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করেন।