চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ নানা রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও শিক্ষকদের সহায়তায় পঞ্চম ও সপ্তম শ্রেণির মোট পাঁচজন শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গতকাল বৃহস্পতিবার দুপুরে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে সাতজন শিক্ষার্থী স্কুলের বিপরীত পাশের গলিতে প্রবেশ করে। তাদের মধ্যে একজন স্প্রে রং দিয়ে দেয়ালে স্লোগানগুলো লিখছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তদন্তের ফলাফল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সিদ্ধান্ত নেবে বিদ্যালয় কর্তৃপক্ষই। এদিকে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, তিনি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেছেন এবং দেয়ালের লেখাগুলো ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। প্রধান শিক্ষককে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
দেয়ালের এই লিখনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। ঘটনার প্রতিবাদে গত রাতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ হাসান চত্বরে সমাবেশ করেন। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর সভাপতি সিরাজুল ইসলাম ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বক্তব্য দেন। তাঁরা একে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ষড়যন্ত্র বলে দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।










