সারাদেশ

সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ওসিসহ আহত অনেকে

 সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে শুরু হওয়া এই উত্তেজনার একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তপ্ত বাক্য বিনিময় ও পরে সংঘর্ষ বাধে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে প্রায় ৩০-৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশ সে সময় প্রতিরোধ গড়ে তুললে আন্দোলনকারীরা ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় সাভার মডেল থানার ওসির গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।