দেশের সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘ দিন ধরে খালি থাকা পাঁচ লাখেরও বেশি শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। এসব পদে দ্রুত জনবল নিয়োগে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি তিন ধাপের পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানানো হয়।
সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা-উপজেলা পর্যায়ের দপ্তরে খালি পদের সংখ্যা ও তা পূরণে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে লিখিত প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন মো. আব্দুল বারী।
সংসদে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণীত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ ফাঁকা রয়েছে। স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ইতিমধ্যে শূন্যপদ পূরণের কর্মপরিকল্পনার অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে চলমান নিয়োগ কার্যক্রমের সবশেষ অগ্রগতি ও খালি পদের তথ্য সরবরাহের পাশাপাশি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়ভিত্তিক রূপরেখা তৈরির অনুরোধ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বলে সংসদে জানানো হয়। দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়সীমা নির্ধারণ করে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।










