প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে আলোচনার জন্ম দেয়া ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব জেতী প্রুর স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।
ঘটনার সূত্রপাত গত ১ নভেম্বর। সেদিন ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন মসিউর রহমান। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটির প্রসঙ্গ টেনে সেটিকে হাদিসের সঙ্গে তুলনা করেন।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মসিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানকে হাদিস বললে অনেকেই হয়তো মনে করতে পারেন আমি পরবর্তী পদোন্নতি বা পোস্টিং পাওয়ার আশায় তার প্রশংসা করছি। তবে আমার দৃষ্টিতে এটি একটি শাশ্বত বাণী।’ তিনি আরও যোগ করেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করবেন? স্বার্থপর ছাড়া অন্য কেউ এটি মানতে চাইবে না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব এবং সবার আগে থাকবে দেশ—এটিই হাদিস।’ স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না।
নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, ‘যদি কোনো হুজুর এই কথা বলতেন, তবে তা অনায়াসেই হাদিস হিসেবে স্বীকৃত হতো। যেহেতু ওনার মুখে দাড়ি নেই বা তিনি টুপি পরেন না, তাই অনেকেই এটি মানতে চাচ্ছেন না। কিন্তু এটি হাদিস।’ রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেয়া তার এই মন্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর কয়েকদিনের মাথায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ এল।










