রাজনীতি

নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের

রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বর্তমানে বিশাল আকার ধারণ করেছে। যদি এই আন্দোলনে ফ্যাসিস্ট কোনো গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটে থাকে, তবে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই বহন করতে হবে।

মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দলীয় কর্মী সভা ও সুধী সমাবেশে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরেই পোশাক খাতে মজুরির দাবিতে আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছিল। সরকারের উচিত ছিল শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি আগেভাগেই সমাধান করা। কোনো বৈধ দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, যদি কোনো গোষ্ঠী সুযোগ বুঝে নৈরাজ্য সৃষ্টি করে, তবে এটি গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতার পরিচয়। তারা বিরোধী দল দমনে ব্যস্ত থাকলেও রাষ্ট্রের শত্রুরা কী করছে, তা নিয়ে কোনো নজরদারি নেই।

সরকার পরিচালনায় বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপির ছত্রচ্ছায়ায় আশ্রয় দেওয়া হয়েছে। তাদের সুযোগ দেওয়ার ফলে যদি আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করে, তবে তার দায় বিএনপিকেই নিতে হবে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতির মোকাবিলার সক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে রাজনৈতিক কৌশল হিসেবে তিনি জানান, ১১-দলীয় জোট সংসদীয় পর্যায়ে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দল গোছাতে দেশজুড়ে আঞ্চলিক সমাবেশ চলছে বলে জানান তিনি।

ডিসেম্বর মাস নিয়ে আওয়ামী লীগের অপপ্রচারের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজপথেই তাদের প্রতিহত করা হবে। ১৯৭১ সালের মতো ডিসেম্বর মাস সর্বদা জনগণেরই থাকবে। এ সময় গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণে নতুন চুক্তি তো দূরের কথা, মেয়াদের নবায়নও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। বরং উল্টো ভারতকে করিডোর দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি দাবি করেন। এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।