দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪০০ জনে পৌঁছেছে। এর মধ্যে কেবল অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।
অধিদপ্তরের তথ্যমতে, গত ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গিয়েছিলেন, যা মঙ্গলবার ছাপিয়ে গেছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই শনাক্তের হিসাব পাওয়া গেছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। আক্রান্তের হার ও মৃত্যুসংখ্যার ক্রমবর্ধমান এই চিত্র উদ্বেগজনক অবস্থায় রয়েছে।










