ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের বুকে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা রাখার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক—যে উপাধিতেই ভূষিত করা হোক না কেন, তার চেয়ে বড় গৌরব হলো জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়া। একজীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন করা সম্ভব হয়ে ওঠে না, আর এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
তারেক রহমান উল্লেখ করেন, লাখো মানুষের প্রাণের বিনিময়, মা-বোনের অশেষ ত্যাগ এবং অসংখ্য আহত ও পঙ্গু মানুষের আর্তনাদের ওপর ভর করে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিতদের সরাসরি মুক্তিযুদ্ধ করা কিংবা শহীদ পরিবারের সদস্য হিসেবে এই ঐতিহাসিক গৌরবের অংশীদার উল্লেখ করে তিনি তাঁদের বীরোচিত অভিনন্দন জানান। পাশাপাশি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে গর্ববোধ প্রকাশ করেন তিনি। সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌর। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের নেওয়া অতীত উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জনগণের রায়ে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্বার্থে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করেন, যা ছিল এক সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়ন করা হয়েছিল। ঐতিহাসিক এই দিনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও দেশবাসীর কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানজনক অবস্থানে ফিরিয়ে নিতে সরকার পূর্ণ সচেষ্ট থাকবে। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন।










