গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় মোড় ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের সাথে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং একপর্যায়ে বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার রাতেও গোপালগঞ্জ শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। কোটালীপাড়ায়ও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের এসব ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে এবং সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন। তবে ঘটনার পর থেকে পুরো এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।










