জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে উপকূলীয় জনপদ রক্ষা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের তরুণ জলবায়ুকর্মীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। সিডো সাতক্ষীরা, অ্যাক্টিভিস্টা (Activista) এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ (Global Platform Bangladesh)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ‘ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু রেজিলিয়েন্স—নো ফিউচার উইদাউট নেচার’ এবং ‘FossilFreeFuture’ স্লোগান সামনে রেখে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
সিডো সাতক্ষীরার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, যুব সদস্য মাসুদ রানা, হৃদয় মন্ডল, আরাফাত হোসেন, ময়না, সিহাব সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সংগঠনের যুবনেতারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে ‘সুন্দর পণ্য নয়, সুন্দর পরিবেশ দিন’, ‘আমাদের কান্না শুনতে কি পাও না?’, ‘পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ চাই না’, ‘বেঁচে থাকার অধিকার চাই, প্রজন্ম বাঁচাও’ এবং ‘যুদ্ধ নয়, শান্তি চাই’—এমন নানা বার্তা স্থান পায়। ইংরেজিতে লেখা প্ল্যাকার্ডে ‘Save Nature, Save Future’, ‘Save Environment, Save Generations’, ‘Stop Killing the Nature’ ও ‘No More Empty Promises’ স্লোগানও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি উপকূলের মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। অথচ জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন কার্যক্রম পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পরিবেশ ও প্রকৃতিকে ধ্বংস করে কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না।
তাঁরা আরও বলেন, জলবায়ু সংকটের দায় যাদের বেশি, তাদেরই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর দায়িত্ব নিতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্প বন্ধ করে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ জরুরি।
তরুণ জলবায়ুকর্মীরা বিশ্বনেতাদের প্রতি কেবল প্রতিশ্রুতি নয়, বরং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, প্রকৃতি সুরক্ষিত না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব নয়।
সাতক্ষীরা ইয়ুথের সভাপতি রিপন হোসেন সমগ্র কর্মসূচি পরিচালনা করেন।










