তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর FAO-CGIAR প্যাভিলিয়নে ১৮ নভেম্বর বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত “Challenges and Opportunities of Operationalizing Locally Led Climate Adaptation with a Focus on Farmers’ Access to Climate Finance” শীর্ষক প্যানেল আলোচনায় বাংলাদেশের স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রকল্প কর্মকর্তা ইভানা আফরিন প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।তিনি বাংলাদেশের জলবায়ু সংকট ও এনজিওদের অর্থায়ন সংকট তুলে ধরে স্থানীয় জনগোষ্টি ভিত্তিক উদ্যোগে অর্থায়নর আহবান জানান।
আলোচনায় প্যানেল মডারেটর হিসেবে ছিলেন International Rice Research Institute (IRRI)-এর প্রধান বিজ্ঞানী জন হেলিন (Jon Hellin)। অন্যান্য প্যানেলিস্ট ছিলেন দক্ষিণ আফ্রিকায় Solidaridad-এর উন্নয়নকর্মী ননসি এনকোমো (Nonsi Nkomo), International Institute for Environment and Development (IIED)-এর জলবায়ু অর্থায়ন গবেষক মে থাজিন অং (May Thazin Aung), Center for Global Development-এর সিনিয়র ফেলো ইয়ান মিচেল (Ian Mitchell) এবং AfricaRice-এর কৃষি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিজ্ঞানী এলিয়ট ডসু-ইয়োভো (Elliott Dossou-Yovo)।
আলোচনায় ইভানা আফরিন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে চারদিকে পানি থাকা সত্ত্বেও লবণাক্ততার কারণে মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে; একই সঙ্গে কৃষি উৎপাদন ও জীবিকাও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট মোকাবিলায় ১৯৯৬ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা লিডার্স এর সমন্বিত অভিযোজন পদ্ধতির কথা তুলে ধরে তিনি নিরাপদ পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুর স্যান্ড ফিল্টার, জলবায়ু সহনশীল কৃষির জন্য লবণাক্ততা সহনশীল বীজ ও জৈব সার এবং নারীদের বিকল্প আয়বর্ধক কার্যক্রম ও স্বনির্ভর গোষ্ঠী গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় সংগঠন ও জনগোষ্ঠীর কাছে সরাসরি, সহজলভ্য, দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য জলবায়ু অর্থায়ন পৌঁছানো জরুরি। তাঁর মতে, পানির নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও জীবিকার নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত করতে হবে এবং জলবায়ু অভিযোজনের প্রতিটি পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রাখতে হবে।










