শ্যামনগর

সুন্দরবনে বন বিভাগের অভিযান: ফাঁদসহ জীবিত হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

দেশ টাইমস-
দেশ টাইমস- শ্যামনগর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের অভিযানে শিকারির ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১টার দিকে রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন বাগ্দিখালি এলাকায় এই অভিযান চালানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা স্টেশনের চুনকুড়ি টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে বাগ্দিখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনপ্রহরী ওবাইদুল্লাহ, সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্য আব্দুল ফরিদ ও সিরাজুল ইসলাম এবং ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) সদস্য নূরুল ইসলাম অংশ নেন। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিকারের ফাঁদসহ জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, চুনকুড়ি টহলফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে জীবিত হরিণটি উদ্ধার করেছেন। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম শাহিন বলেন, “উদ্ধার হওয়া হরিণটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হরিণ শিকারিদের তদন্তপূর্বক চিহ্নিত করে বন আইনে মামলা দায়ের করা হবে।”