মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার চেতনায় ১৩ বছরের পথচলা উদ্যাপন করেছে সাতক্ষীরার শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন (MSF)’। বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের সার্বিক বাস্তবায়নে আয়োজিত মিলনমেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নবীন ও প্রবীণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহিদ আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. গোলাম রাব্বানী এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান লিটন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এবং নিবন্ধন নম্বর সাত-১৩৩৯/২০২২-সংবলিত মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন দীর্ঘ ১৩ বছর ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে উপকূলীয় জনপদে কাজ করে যাচ্ছে। দুর্যোগপ্রবণ শ্যামনগর অঞ্চলে আর্তমানবতার সেবা, শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা তৈরিতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, সমাজের সংকট ও দুর্যোগের সময়ে স্বেচ্ছাসেবীরা মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেন। এ ধরনের সংগঠনের কার্যক্রম তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে। ১৩ বছরের এই পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনটিকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীরা নিজেদের কাজের অভিজ্ঞতা ও সফলতার গল্প বিনিময় করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে অবদান রাখা ব্যক্তিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নতুন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
আয়োজকদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলনমেলা শুধু উদ্যাপনের আয়োজন নয়; বরং বিভিন্ন প্রজন্মের স্বেচ্ছাসেবীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আগামী দিনের মানবিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার একটি সম্মিলিত প্রয়াস।










