আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের পাশাপাশি মোটরসাইকেল র্যালির মাধ্যমে নিজেদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন তাঁরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন ও সদস্যসচিব মো. রবিউল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে আরও অংশ নেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সদস্যসচিব সাইলুর রহমান।
এ ছাড়া আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন ও সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব জামির আলী মেম্বার, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রফিকুল ইসলাম এবং আক্তার হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় অবস্থান ও প্রতিবাদ জানান। এ সময় শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও মোটরসাইকেল র্যালি ঘিরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।










