আইন-আদালত

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করা হয়েছে। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। ট্রাইব্যুনাল বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গত ১ নভেম্বর অভিযোগটি আমলে নিয়েছিল। ট্রাইব্যুনাল বলেন, তাঁর যদি অভিযোগ থাকে, সেটা সুনির্দিষ্টভাবে করতে হবে। কিন্তু তিনি (আসাদুজ্জামান) এটাকে সাধারণীকরণ করতে পারেন না।

প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল যে, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি আয়োজনে ট্রাইব্যুনালের বিচারপদ্ধতি নিয়ে বিতর্কিত ও অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। এসব বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার নির্ধারিত শুনানিতে হাজির হয়ে আসাদুজ্জামান দাবি করেন, তিনি তাঁর বক্তব্যে ট্রাইব্যুনালের বিচারকদের ব্যক্তিগতভাবে লক্ষ্য করে কোনো কথা বলেননি।

শুনানির সময় ট্রাইব্যুনাল স্পষ্টভাবে জানান, বিচারব্যবস্থাকে সাধারণভাবে দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিহিত করা গ্রহণযোগ্য নয়। আদালত একটি অত্যন্ত সম্মানজনক প্রতিষ্ঠান। ট্রাইব্যুনাল বলেন, আইন ও বিচারপ্রক্রিয়া নিয়ে যেকোনো নাগরিকের সমালোচনা করার অধিকার থাকলেও কোনো কিছুকে ঢালাওভাবে উপস্থাপন করা অনুচিত। আদালত অবমাননার এই বিষয়টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হওয়া উচিত বলেও মন্তব্য করেন আদালত। ট্রাইব্যুনাল বলেন, কেউ বলতে পারবেন না যে, বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত।

আসামি আসাদুজ্জামানকে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক থাকার পরামর্শ দেন। বিচারকবৃন্দের পক্ষ থেকে বলা হয়, একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে এবং অকারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করা ঠিক নয়। আসাদুজ্জামান ফুয়াদ ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলে আদালতকে আশ্বস্ত করেন। তাঁর ব্যাখ্যার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বিষয়টি আপাতত নিষ্পত্তি করে কার্যক্রম বাদ দিয়েছেন। অকারণে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।