অপরাধ

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট দুটি, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলায় চাকুরীরত পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।  অপরজন হলো তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। বর্তমানে  তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ী মোঃ কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া  এলাকায় তাঁর একটি সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় কাশেম সরদারের স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তালা থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তালা থানা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।