আইন-আদালত

সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা ঘিরে পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সাতক্ষীরার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা তদবিরের সুযোগ নেই। নিয়োগ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি অথবা অসাধু উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে মেধাবী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনো প্রকার প্রভাব বা অনৈতিক সুপারিশের কাছে নতি স্বীকার না করে নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় তিনি নিয়োগের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।