শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি—এই স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা, নৈতিকতা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার আয়োজনে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, জীবনের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হলে পথের শেষ পর্যন্ত এগিয়ে যেতে হবে। চলার পথে লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় অপরিহার্য। অধ্যবসায় ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের নেওয়া শপথ বাস্তব জীবনে মেনে চলতে পারলে তারা অবশ্যই সফল হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সোনালী গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল সিয়াম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লুৎফুল আলম খোকনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শেখ সাদী ও ফাতিমা জামান। পরে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন থাকার অঙ্গীকার করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত তুলে শপথ গ্রহণ করে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেজবাহ উদ্দিন।
সমাবেশে বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।










