
চলমান নিষিদ্ধের সময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া আহরণের সময় ৪ জেলেকে আটক করেছে বনবিভাগ। বনবিভাগের স্মার্ট প্যাট্টোল টিমের সদস্যরা শুক্রবার ভোর রাতে তাদের আটক করে।
আটক জেলেরা হলেন, গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মৃত আলেক গাজীর ছেলে খবির হোসেন, একই এলাকার মৃত রুপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, নজরুল গাজীর ছেলে আমিনুর গাজী ও রফিকুল গাজীর ছেলে তরিকুল গাজী।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের ভিতরে নদী-খালে বর্তমানে সরকারী ভাবে মাছ ও কাঁকড়া আহরন নিষিদ্ধ করার পরেও তারা বিনা অনুমতিতে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীতে কাঁকড়া আহরন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ স্মার্ট প্যাট্টোল টিমের দলপতি কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সেখানে অভিযান চালিয়ে উক্ত ৪ জেলেকে আটক করে। এসময় জেলেদের কাছ থেকে ২টি নৌকা, ১৫ কেজি কাঁকড়া, ড্রাম, দা, ও বৈঠাসহ কর্ত্তন নিষিদ্ধ ৭৫টি গরাণ কাঠ জব্দ করে আভিযানিক দলটি। জব্দকৃত কাঁকড়া গুলো পরে নদীতে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত পহেলা জুন হতে ৯০ দিনের জন্য সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ ও পর্যটন প্রবেশ সরকারীভাবে নিষিদ্ধ রয়েছে। আটককৃত জেলেরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কাঁকড়া ধরার সময় তাদের আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।