ব্যাংক

১৮ শতাংশ মুনাফা বাড়ল আইডিএলসি ফাইন্যান্সের

ব্যাংক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

দেশের অন্যতম ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বেড়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফার প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ শতাংশ। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এই অংক ছিল ১৭৬ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, মূলত বিনিয়োগ থেকে আয়ের উল্লম্ফন প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে বিনিয়োগ খাত থেকে আইডিএলসির আয় হয়েছে ৩৫৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬০ কোটি টাকা। অর্থাৎ এই খাতে এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৯৩ কোটি টাকা। ঋণের সুদ বাবদ মূল ব্যবসায় আয় খুব একটা না বাড়লেও বিনিয়োগের এই বাড়তি আয় প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক খাত ঋণের সুদ থেকে চলতি বছরের প্রথম ৯ মাসে আয় হয়েছে ১ হাজার ২৬৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ২২১ কোটি টাকা। সেই হিসেবে সুদ থেকে আয় বেড়েছে ৪৭ কোটি টাকা। তবে একই সময়ে আমানত সংগ্রহ এবং ধারের বিপরীতে সুদের খরচ বেড়েছে ৭০ কোটি টাকা। সামগ্রিক ব্যয় বৃদ্ধির পরেও বিনিয়োগ খাতের শক্তিশালী আয় থাকায় শেষ পর্যন্ত মুনাফার ইতিবাচক ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স।