সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। রবিবার (১ নভেম্বর) এনসিএমের পক্ষ থেকে প্রকাশিত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়াবিদদের মতে, রেড অ্যালার্ট হলো গুরুতর আবহাওয়াজনিত বিপদের চূড়ান্ত বার্তা, আর অরেঞ্জ অ্যালার্ট হলো সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির আগাম সংকেত। মূলত ঘন কুয়াশা, প্রবল বাতাস এবং মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির আশঙ্কায় দেশজুড়ে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
সতর্কতার আওতাভুক্ত অঞ্চলসমূহ
- পূর্বাঞ্চলীয় প্রদেশের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এছাড়া ওই অঞ্চলের অন্যান্য অংশে অরেঞ্জ অ্যালার্ট কার্যকর থাকবে।
- নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
- জাজান, আসির, আল-বাহা, মক্কা-মদিনা, হাইল এবং নর্দান বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভারি বর্ষণের ফলে দেশের কিছু অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এছাড়া রাজধানী রিয়াদ এবং আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।










