বাংলাদেশ

জুলাই স্মৃতি জাদুঘরে প্রতিবন্ধী দর্শকদের জন্য হুইলচেয়ার সেবা

বাংলাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শারীরিক প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের যাতায়াত ও ঘুরে দেখার সুবিধার্থে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। জাদুঘরের প্রবেশমুখ থেকেই আগ্রহী দর্শনার্থীরা এই বিশেষ সেবাটি গ্রহণ করতে পারবেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আসা দর্শনার্থীরা নিজেরাই হুইলচেয়ার পরিচালনার সুযোগ পাবেন। তবে একা আসা দর্শনার্থীদের সহায়তার জন্য সার্বক্ষণিকভাবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন, যারা তাদের পুরো জাদুঘর ঘুরে দেখতে সাহায্য করবেন। এছাড়া জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য পুরোপুরি নির্বিঘ্ন থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

এই উদ্যোগের বিষয়ে জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর দেশের প্রতিটি নাগরিকের আবেগ ও অনুভূতির একটি অনন্য স্থান। কারো শারীরিক সীমাবদ্ধতা যেন ইতিহাস জানার সুযোগ থেকে কাউকে বঞ্চিত না করে, সেই লক্ষ্যেই এমন সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা কোনো বাধা ছাড়াই জাদুঘর পরিদর্শনের পূর্ণ অভিজ্ঞতা নিতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।