বিশ্ব

ইতালির পাহাড়ে ছবি তুলতে গিয়ে মার্কিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু

বিশ্ব ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ইতালির ডলোমাইটস পর্বতমালায় হাইকিং করতে গিয়ে প্রায় ১০০০ ফুট নিচে পড়ে ৩৬ বছর বয়সী এক মার্কিন নারী পর্যটকের প্রাণহানি ঘটেছে। মৃত পর্যটকের নাম মিশেল আলেজান্দ্রা রুবিও লেইভা, যিনি ফ্লোরিডার মিয়ামি শহরের বাসিন্দা ছিলেন। পরিবারের সাথে অবকাশ যাপনে ইতালিতে এসে গত ১৭ই অক্টোবর এই দুর্ঘটনার শিকার হন তিনি।

ঘটনার দিন প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় ফোরসেলা পোরদোই নামক আলপাইন পাসে হাইকিং করার সময় নির্ধারিত হাঁটার পথ থেকে সরে গিয়েছিলেন মিশেল। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভালো ছবি তোলার জন্য উপযুক্ত জায়গার খোঁজে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বোনের সামনেই নিচে পড়ে যান। অন্যদিকে, উদ্ধারকারী দলের নথিতে উল্লেখ করা হয়েছে যে, পাহাড়ের অরক্ষিত একটি অংশে পা পিছলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রেন্টিনো আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ টিম এবং এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং শোকাহত পরিবারকে কানাজেই শহরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর পর্যটন এলাকায় পাহাড় ভ্রমণের চেয়ে কেবল ছবি তোলার ঝুঁকির প্রবণতা নিয়ে অনলাইনে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।