চট্টগ্রাম

ইউজিসির আহ্বান উপেক্ষা করে আগের সূচিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশেষ আহ্বান আমলে নিচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো তারাও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তে অটল রয়েছে। এর আগে গত সোমবার ইউজিসি জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাধিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন জানান, বুধবার প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্ত মেনে আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর জানিয়েছেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের ফলাফল প্রকাশিত হবে। তবে এরপরও কেউ অকৃতকার্য থাকলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হলে আবেদনের সুযোগ থাকবে না।

গত ২৩ আগস্ট ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি নেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ধারাবাহিকতায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।