প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
জননিরাপত্তায় সাতক্ষীরায় জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর রাতভর টহল

শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এর অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে রাত্রিকালীন টহল এবং বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে জেলা প্রশাসন, সাতক্ষীরা ও যৌথ বাহিনীর সমন্বয়ে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়। টহলের আওতায় সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান এবং সুবর্ণ মোহন ভাওয়াল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণই এ টহল কার্যক্রমের মূল লক্ষ্য।
বিশেষ করে বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শহরের জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারির মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থান নিশ্চিত করা হচ্ছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এ ধরনের সমন্বিত টহল, তদারকি ও বিশেষ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।