সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান

রোববার (২৯ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবনঘেঁষা শ্যামনগরের মানুষের কাছে বাঘের লোকালয়ে আসা স্বাভাবিক ঘটনা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত পেরিয়ে শেখ হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।
বিগত সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের জুলুম ও অত্যাচারের শিকার হতে হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে এবং অসংখ্য মিথ্যা মামলা দিয়ে সারাদেশে নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির কথা স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনার পতনের আগে আন্দোলনের শেষ কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের স্বজনদের সেই বেদনা এখনো কাটেনি। বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শ্যামনগরে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার বিষয়ে ড. মনিরুজ্জামান দাবি করেন, গত নয় মাসে শ্যামনগরে বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন এবং বিরোধী মতের মানুষের ওপর কোনো জুলুম, নির্যাতন বা মিথ্যা মামলা দেওয়া হয়নি। আগামী দিনেও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রতিবেশী দেশ ভারতের ভূমিকার সমালোচনা করে জেলা বিএনপির এই নেতা বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবারও করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ আর কারও গোলামি করবে না।
শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব আশেক ইলাহী মুন্নার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।
এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।