প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
দেশ টাইমস- , কলারোয়া ডেস্ক

আসাদুজ্জামান, জ্যেষ্ঠ প্রতিবেদক: 

সাতক্ষীরার কলারোয়ায় জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় ব্যাংকার, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ মঞ্জুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরার প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম ও শেখ সালাউদ্দিন ও বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মশালায় বক্তারা, জাল নোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, প্রচলিত মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য, বৈধ লেনদেন এবং জাল নোট ব্যবহারের আইনগত দিক ও শাস্তির বিষয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, সঠিক মুদ্রায় লেনদেন নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলতে হবে। বক্তারা এসময় জাল নোটের প্রচলন রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সোনালী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখাপ্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু কর্মশালার সমন্বয় করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মনিরুল ইসলাম ও আয়েশা উদ্দিন জ্যোতি।