প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
দেশ টাইমস- , অপরাধ ও দুর্নীতি ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছের ওজন ও বাজারমূল্য বাড়ানোর অসাধু কৌশল হিসেবে মাছের ভেতরে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ৮০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নুরনগর বাজার এলাকার একটি মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য আড়তে চিংড়ি মাছের ভেতরে অবৈধভাবে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট কাজে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুইজনকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় জব্দ করা ৮০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়।

অভিযানকালে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, চিংড়ি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য। এই পণ্যে অপদ্রব্য মেশানো বা পুশ করার মতো অসাধু কর্মকাণ্ড শুধু ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিই বাড়ায় না, বরং দেশের মৎস্য খাতের সুনাম ও রপ্তানি বাণিজ্যের জন্যও হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং মৎস্য খাতে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।