আশাশুনি উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমির তুষার ও সেক্রেটারি আনওয়ারুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবু মুছা তারিকুজ্জামান তুষারকে উপজেলা আমির এবং অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হককে উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং মাওলানা আবু বকর সিদ্দিক।
নবগঠিত কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন। সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, ডাক্তার রোকনুজ্জামান ও মাওলানা রুহুল কুদ্দুস।
এ ছাড়া সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও পরামর্শমূলক দায়িত্ব পালনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ এবং ২৩ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত উপজেলা কমিটি, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আশাশুনি উপজেলা জামায়াতের আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।