আশাশুনিতে ১ হাজার ৭১৭টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকাদান

আসাদুজ্জামান, জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরার আশাশুনিতে গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা রক্ষায় বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের (এএসডি) উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাটি ও মাদারবাড়িয়া গ্রামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১০০টি গরু, ৫৫০টি হাঁস ও ৭৫০টি মুরগিসহ মোট ১ হাজার ৭১৭টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দেওয়া হয়।
টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, প্রকল্পের প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়েতুল্লাহ খান। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা. আব্দুস সালাম বলেন, গবাদিপশু এবং হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত ও সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাসময়ে টিকা প্রদান করা হলে প্রাণীর রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের বহু পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম উৎস প্রাণিসম্পদ। বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য গবাদিপশু ও হাঁস-মুরগি পালন পারিবারিক আয় বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু বিভিন্ন সংক্রামক রোগ ও প্রতিকূল পরিবেশের কারণে এসব প্রাণিসম্পদ প্রায়ই ঝুঁকির মুখে পড়ে। এ বাস্তবতায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি স্থানীয় খামারি ও প্রান্তিক পরিবারের জন্য সময়োপযোগী উদ্যোগ।
ফ্রেন্ডশিপ এএসডি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান বলেন, উপকূলীয় এলাকার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জীবিকার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় ফ্রেন্ডশিপ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ টিকাদান কর্মসূচির মাধ্যমে স্থানীয় প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি কমানোর পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নেও সহায়ক হবে।