সাতক্ষীরা জেলা হিন্দু পরিষদের কমিটি পুনর্গঠনের উদ্যোগ, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরায় বাংলাদেশ হিন্দু পরিষদের জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের রথখোলা সর্বজনীন মন্দিরে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শিক্ষক তপন কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ সানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী রঘুনাথ খাঁ, শিক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্য-সচিব মনোদ্বীপ কুমার মণ্ডল, কলেজশিক্ষক মিহির কুমার মণ্ডল, সমীরণ চক্রবর্তী, হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি ধীমান সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, যুবনেতা প্রশান্ত পাল ও দেবাশীষ কুমার মালে প্রমুখ।
পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশ হিন্দু পরিষদের জন্ম হলেও সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হয় তুলনামূলক দেরিতে। জেলা কমিটি থাকলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোয়নি। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন করে সাংগঠনিক উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, হিন্দু পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং জমি ও বসতবাড়ি দখলের অভিযোগের বিষয়গুলোও সভায় তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, জেলায় অনেক হিন্দু সংগঠন থাকলেও এসব ঘটনার প্রতিবাদে সবাইকে সমানভাবে সক্রিয় হতে দেখা যায়নি। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হতাশা বেড়েছে এবং আত্মবিশ্বাস কমেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ হিন্দু পরিষদকে আরও শক্তিশালী করতে হবে। সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিতোষ কুমার গাইন।