প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

শ্যামনগরে জমি বিরোধে এসিড নিক্ষেপের মামলা ‘মিথ্যা’ দাবি, প্রত্যাহার ও অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে জমি বিরোধে এসিড নিক্ষেপের মামলা ‘মিথ্যা’ দাবি, প্রত্যাহার ও অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন
দেশ টাইমস- , আইন-আদালত ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা এসিড নিক্ষেপের মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন একটি ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাসস্ট্যান্ডে পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মো. মুজাহিদুল ইসলামের স্ত্রী মোছা. আসমা আক্তার খুশি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আসমা আক্তার খুশি অভিযোগ করেন, আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী গ্রামের মৃত আনছার উদ্দিনের ছেলে শাহীন ও তাঁর দুই বোনের কাছ থেকে জমি কিনে তাঁরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে জমি বিক্রির পর শাহীন তা অস্বীকার করছেন। এ নিয়ে তাঁর স্বামী মুজাহিদুল ইসলাম ও দেবর বিল্লাল হোসেন প্রতিবাদ জানালে তাঁদের পরিবারকে বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, রাতের আঁধারে শেখ কবিরের পিএস হিসেবে পরিচিত আশরাফুজ্জামান (মনা) ও বিল্লাল লোকজন নিয়ে তাঁদের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে পরিবারের সদস্যরা বাধা দিলে গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বড় কুপট গ্রামের মহাসিন আলীর ছেলে এবং শাহীনের জামাতা বিল্লাল বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে এসিড নিক্ষেপের মামলা দায়ের করেন বলে দাবি করেন আসমা খুশি।

তাঁর অভিযোগ, ওই মামলায় তাঁর স্বামী মুজাহিদুল ইসলাম ও দেবর বিল্লাল হোসেন বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছেন। এ ঘটনায় তাঁরা সামাজিক ও পারিবারিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

মানববন্ধন থেকে আসমা আক্তার খুশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমি নিয়ে বিরোধের সুষ্ঠু তদন্ত, তাঁদের ভাষায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, কারাগারে থাকা স্বামী ও দেবরের মুক্তি এবং আশরাফুজ্জামান (মনা) ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।