আশাশুনিতে নারী অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিয়ে নারী সহায়তা ফোরামের সভা

সাতক্ষীরার আশাশুনিতে নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা রোধে উপজেলা নারী সহায়তা ফোরামের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় ফোরামের রিভিউ ও ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে লাইট হাউজ কনসোর্টিয়াম ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী সহায়তা ফোরামের আহ্বায়ক জুলেখা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান।
সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত ও গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফোরামের চলমান কার্যক্রমের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। একই সঙ্গে সরকারি সেবাগুলো নারীদের কাছে সহজলভ্য করতে হবে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে নারী সহায়তা ফোরামকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মো. মোজাফফর হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর মো. মোস্তফা কামালসহ উপজেলা নারী সহায়তা ফোরামের সদস্যরা।
সভায় ফোরামের সদস্যরা তাঁদের কাজের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে নারীর অধিকার সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।