প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ এবং সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সমাবেশে সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনা ও তার বাহিনী করছে, তা এ দেশের মাটিতে কখনো সফল হতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কাম্য নয়। একই সঙ্গে গণভোটের গণরায় মেনে নেওয়া এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুলহুদা, সহকারী সেক্রেটারি ও মেয়রপ্রার্থী প্রভাষক ওমর ফারুক, অধ্যাপক গাজী সুজাত আলী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও তুফান মোড় হয়ে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।