প্রতিবন্ধী আসাদুল ইসলামের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়ে পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

আলতাফ হোসেন বাবু:
প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এই প্রত্যয় নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে ইউনাইট ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় সাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর ‘২৬) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত রাজাউল্লাহর ছেলে প্রতিবন্ধী আসাদুল ইসলামের হাতে ৬৩ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত পা-ভ্যান তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগের মাধ্যমে আসাদুল ইসলামের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁর জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাবলম্বী করে তোলার প্রত্যাশা করছে ইউনাইট ফাউন্ডেশন।
পা-ভ্যানটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বিন রফিকুল, ইউনাইট ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, সদস্য আব্দুল্লাহ আল-মামুন সম্রাট ও সাঈদ ইসলাম।
এ ছাড়া স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আকবর আলী, আইয়ূব আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ব্যক্তিরা ইউনাইট ফাউন্ডেশনের এমন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, কেবল আর্থিক সহায়তা নয়, একজন অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া তাঁর আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং স্বনির্ভর জীবন গঠনের পথকে সুগম করে।
ইউনাইট ফাউন্ডেশন মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশ। তাই দাননির্ভরতার পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে স্বাবলম্বী করে তোলাই প্রতিষ্ঠানটির সাবলম্বীকরণ প্রজেক্টের অন্যতম লক্ষ্য আসাদুল ইসলামের নতুন পথচলা হোক আত্মবিশ্বাস, সম্মান ও স্বাবলম্বিতার পথে এক নতুন অধ্যায় এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।