আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা নয়নসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এক যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশাশুনি থানার মামলা নং-০৭(০৯)২৬-এর আসামি উপজেলার গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি ১ নম্বর শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। অপর দুজন হলেন পাইকগাছার সিআর-১৬৬/২৪ মামলার আসামি বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) এবং এসসি-১৬২/১৬ মামলার আসামি কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বুধবার তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।